বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের কল্যাণে খান পরিবার সব সময় ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, তাঁর মা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই আদর্শ অনুসরণ করেই তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আদায় করে নেবেন, ততক্ষণ কেউ তা এনে দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি। খান পরিবার সেই কাজই দীর্ঘদিন ধরে করে আসছে।”
তিনি আরও বলেন, “জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের সেবা করে যেতে পারি, সে জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”
ড. মঈন খান দেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সুসম সমাজ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।