নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি। প্রবল স্রোতের কারণে রাতে অভিযান স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতে সাঁতার না জানা তিনজন পানিতে তলিয়ে যেতে থাকেন।
এ সময় তাদের উদ্ধারে সৌরভ নদীতে ঝাঁপ দিলে তিনিও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও কারও সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চারজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।