বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “বিএনপি জনগণের সরকার। আমরা সবসময় জনগণের কল্যাণের রাজনীতি করি এবং সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি।”
শুক্রবার (৩ জুলাই) নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আমরা জনগণের জন্য রাজনীতি করি। আপনারা একদিন কষ্ট করবেন, আর আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করবো। আজ আপনারা দেখছেন, আমরা বারবার আপনাদের কাছে আসছি।”
তিনি আরও বলেন, “একদিনে হয়তো সবার হাতে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে যারা কষ্টে আছেন এবং যাদের সহায়তা প্রয়োজন, তাদের হাতে আমরা সামান্য হলেও সাহায্য তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ, আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।