নরসিংদীর মনোহরদীতে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. সোহরাব (২০) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৪ নভেম্বর সকালে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির মায়ের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আটক সোহরাব হাফিজপুর এলাকার আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি মক্তবে শিক্ষকতা করতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় ব্রিলিয়ান্ট ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। স্কুলের পাশাপাশি প্রতিদিন সকালে আরবি পড়ার জন্য স্থানীয় একটি মক্তবে যাতায়াত করত সে। এ সুযোগে মক্তবের শিক্ষক সোহরাব বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো মক্তবে যায় শিশুটি। পড়া শেষে মাসিক বেতন নিয়ে আসার কথা বলে শিক্ষক সোহরাব তাকে বাড়িতে পাঠান। সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে হাফিজপুর এলাকায় আল আমিন নামে এক ব্যক্তির নির্মাণাধীন একটি নির্জন ঘরে শিশুটির পথরোধ করেন অভিযুক্ত শিক্ষক।
এ সময় শিশুটিকে জোরপূর্বক জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং পরনের হাফপ্যান্ট খুলে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে। শিশুটি চিৎকার করে পালানোর চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে বাড়ি থেকে বাজারের ব্যাগ আনার কথা বললে সেই সুযোগে দৌড়ে পালিয়ে যায় সে।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয় শিশুটি। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন। এ কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সোহরাবকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগটি নথিভুক্ত করে তাঁকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।