নরসিংদীতে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে নরসিংদীর শিবপুর এলাকায়।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং উৎপত্তিস্থলও ছিল শিবপুর।
এছাড়া গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।
সাম্প্রতিক সময়ে নরসিংদীতে উৎপত্তি হওয়া উল্লেখযোগ্য শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে গত বছরের ২১ নভেম্বরের ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী। ওইদিন সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
বারবার নরসিংদী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে ভূমিকম্প নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।