নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যানের ধাক্কায় আকাশ মিয়া (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘোড়াশাল বাইপাস সড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া মেলান্দহ উপজেলা এলাকার লিটন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টঙ্গী থেকে রায়পুরার উদ্দেশ্যে পণ্যবোঝাই একটি মিনি ট্রাক রওনা হয়। পরে ট্রাকটি ঘোড়াশাল বাইপাস সড়কে পৌঁছালে সেখানে থামিয়ে হেলপার আকাশ মিয়া ট্রাকের মালামাল ঠিকমতো বাঁধা রয়েছে কি না তা পরীক্ষা করছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল-এর ভাড়ায়চালিত একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা আকাশ মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ঘোড়াশাল বাইপাস সড়কে যানবাহনের বেপরোয়া গতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।