মানিকগঞ্জের দৌলতপুরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে স্থানীয় বিএনপির এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে ‘শাস্তি’ দিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধামশ্বর ইউনিয়নের চরদেশ গ্রামে এ ঘটনা ঘটে।
ধরা পড়া ব্যক্তি মো. সিরাজুল ইসলাম মনজেল (৪৫)। তিনি ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সিরাজুল ইসলাম মনজেলের পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে শুক্রবার রাতে মনজেলকে ওই নারীর ঘরে ঢুকতে দেখে ওঁত পেতে থাকা গ্রামবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাছের সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তিনি বলেন, “প্রবাসী ওই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চান না। মনজেল ও ওই নারী বিয়ে করতে রাজি হয়েছেন, দুই পরিবারের সম্মতিতেই এটি হচ্ছে।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে “নৈতিক অবক্ষয়ের চিত্র” হিসেবে দেখলেও, অন্য একাংশ এটিকে “সামাজিকভাবে মীমাংসা হওয়া দরকার” বলে মত দিয়েছেন।