নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সানেরবাড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ওই কিশোরী তার এক বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সানেরবাড়ি এলাকার আতসীপাড়া গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর রহমান তার পথরোধ করে। তারা কিশোরীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, পুলিশ ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।"প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী গ্রেপ্তারকৃত হাফিজুরকে শনাক্ত করেছে। এই চক্রের অপর সদস্য অর্জুন বাদশাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।"
ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2026 নরসিংদীর পত্রিকা. All rights reserved.