দীর্ঘ ১৮ মাসের অপেক্ষা ও নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল হয়েছেন।
বুধবার সকালে বিদ্যালয়ের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং কমিটির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, প্রায় ১৮ মাস আগে একটি মব সৃষ্টির ঘটনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিষয়টি তদন্তে গড়ায় এবং একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ফলে তাকে পুনরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দায়িত্ব গ্রহণ শেষে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস বলেন,
“বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সবার সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া, পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা, সাবেক মেম্বার ওসমান গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ দেড় বছর পর প্রধান শিক্ষকের প্রত্যাবর্তনে বিদ্যালয়জুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2026 নরসিংদীর পত্রিকা. All rights reserved.