নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের এলাকায় প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সড়কের ধারে একটি প্লাস্টিকের বস্তা দেখে পথচারীদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কাটাব সড়কের পাশ থেকে বাঁধা বস্তার ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”
ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু—তা জানতে পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে।