নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ২১ জুলাই (রোববার) নরসিংদীর আদালতে তোলা হলে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন তিনি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জানান, ২০২৩ সালের ২৩ জুন থেকে চেয়ারম্যান হারুন অর রশিদ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। তদন্ত শুরুর কিছুদিনের মধ্যেই প্রধান অভিযুক্তদের একজন মহসিন মিয়া দেশ ছেড়ে দুবাই পালিয়ে যায়।
পরে ইন্টারপোলের সহযোগিতায় রেড অ্যালার্ট জারি হলে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সংক্রান্ত বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত ২০ জুলাই (শনিবার) মহসিন মিয়াকে দেশে ফিরিয়ে আনে। পরদিন আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মহসিন মিয়ার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকায়।
এর আগে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিবপুরের নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান। অভিযুক্ত মহসিন মিয়া এবং আরও দুইজন মিলে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে টানা ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর ৩১ মে মারা যান তিনি।
এই ঘটনায় নিহত চেয়ারম্যানের পরিবার শিবপুর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তভার পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : নাজমুল হাসান মোল্লা
মোবাইল : ০১৯১১৯৪৬২৫২, ০১৮৯১৬৮৪৪৪৪
ইমেইল : narsingdirpatrikanews@gmail.com
Copyright © 2026 নরসিংদীর পত্রিকা. All rights reserved.